মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রাণীনগরে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট ৬০ বার পঠিত ২ মিনিটের পাঠ

নওগাঁর রাণীনগরের পারইল ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামতা গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত মেম্বার প্রার্থী আজাদুল ইসলাম বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। সোমবার বিকেলে কর্মী-সমর্থক নিয়ে ওয়ার্ডে মিছিল বের করি। রাত সাড়ে ৯টায় কামতা গ্রামে মসজিদের সামনে পৌঁছালে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মোরগ প্রতীকের মিজানুর রহমান ও তার সমর্থকরা হামলা চালান। এ সময় আমি ও আমার সমর্থক কামতা গ্রামের ইয়াছিন আলী (৫২), ইয়াদুল (২৩), সাফি (২৪) ও জামিল হোসেন (৩৫) আহত হন।’ রাতেই তারা নওগাঁ হাসপাতালে ভর্তি হন বলে জানান আজাদুল।

অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘আমার কর্মী সমর্থকরাও মিছিল শেষ করলে আজাদুল ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে আমার সমর্থক কামতা গ্রামের ইয়াছিন (৫৫), মোহাম্মদ আলী (৫২) ও সিদ্দিকুর রহমান (৬০) আহত হন। আহতরা রাতেই আদমদীঘি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ‘এ ঘটনায় এক পক্ষের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’