মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সোনাতলায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জনকে ছুরিকাঘাত

ডেস্ক রিপোর্ট ৯৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন, উপজেলা যুবলীগের সভাপতি নাহিদ হাসান জিতু, সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোমিনুল ইসলাম সোহেল। ঘটনার পর উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত মেয়রের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থান নিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার ভোট চলাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (নব নির্বাচিত মেয়র) কানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধাওয়ার মুখে পড়েন। এ ঘটনার জেরে বুধবার দুপুরে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যানসহ অন্যরা সেখানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় তাদের ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহিয়া কামাল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উভয় পক্ষ এ নিয়ে মুখোমুখি অবস্থান নিলে পুলিশ তাদের হটিয়ে দেয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।’

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘আর যেন কোনো সহিংসতার ঘটনা না ঘটে সেজন্য বিজিবি ও র‌্যাবের টহল বাড়ানো হয়েছে।’