২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, শনাক্ত ১৯৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে। এই সময়ে শনাক্ত হয়েছে ১৯৬ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৪৪৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ, দু’জন নারী। এ সময়ে চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যায়নি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়।