মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

উদ্ধার হলো ফেরি আমানত শাহ

ডেস্ক রিপোর্ট ৬৯ বার পঠিত ২ মিনিটের পাঠ

ডুবে থাকার দুই সপ্তাহ পর উদ্ধার হয়েছে ফেরি আমানত শাহ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় থেকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ ফেরিটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আগামী দুইদিন পর্যবেক্ষণ শেষে ফেরিটিকে আনুষ্ঠানিকভাবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বিআইডব্লিউটিসির যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানান, গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে দৌলতদিয়া থেকে ১৪টি ট্রাক-কাভার্ডভ্যান ও পাঁচটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ৫নং ঘাটে এসে কাত হয়ে ডুবে যায় আমানত শাহ। এরপরই বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম যানবাহনগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, হামজা-রুস্তম ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে ব্যর্থ হলে ১ নভেম্বর থেকে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ উদ্ধার অভিযানে নামে। তিনদিন সার্ভে শেষে উদ্ধারকারীরা ডুবে যাওয়া ফেরিতে জমে থাকা পলি ও মালপত্র অপসারণ করে। গতকাল সোমবার ফেরিটির ৮৫ ভাগ উদ্ধার করা হয়। পাঁচটি বার্জ উইন্সের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে ফেরিটিকে দৃশ্যমান করতে সক্ষম হয়েছে তারা।

ফজলুর রহমানের জানান, আগামী দুই দিন নিবিড় পর্যবেক্ষণ শেষে ফেরিটিকে আনুষ্ঠানিকভাবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ফেরিটি উদ্ধারে জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে প্রায় দুই কোটি টাকার চুক্তি হয়েছিল বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বদিউল আলম।