মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ভালো ছবি তুললেও কারাগারে পাঠানো হয় : ফখরুল

ডেস্ক রিপোর্ট ৭৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

ফটো সাংবাদিক কাজলের বিচার শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভালো ছবি ও সত্য ঘটনার ছবি তুললে তাকেও কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

বুধবার হোটেল সোনারগাঁওয়ে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ‘বেঙ্গল, দাই নেইম ইজ বিউটি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

‘বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান তার জীবদ্দশায় কবি জীবনান্দ দাশের ‘রুপসী বাংলা’ কবিতার এই কাব্য গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। গ্রন্থটির প্রকাশক অন্য প্রকাশ।

তিনি বলেন, যখন আমাদের একজন শিশু বা কিশোরের জীবনের নিরাপত্তা দিতে পারি না। যখন আমাদের একজন মহিলা বা বালিকা তার ফেইসবুকের মধ্যে কোনো স্ট্যাটাস দিতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত ও গ্রেপ্তার হয় কিংবা তাকে জেলে নিয়ে যায়! এখানে সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তাদের অনেকেই শুধুমাত্র আত্মীয়ের বাসায় যাওয়ার কারণে তাদেরকে আটক করা হয়, তাদেরকে পাঠিয়ে দেয়া হয় কারাগারে।

‘আজকের পত্রিকায় দেখলাম যে, ফটোসাংবাদিক কাজলের বিরুদ্ধে তিনটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার বিচার শুরু হয়েছে। ভালো ছবি, সত্য ঘটনার ছবি তুললে তাকেও পাঠিয়ে দেয়া হয় কারাগারে।’

আমরা এখন প্রেসক্লাবের সামনে অথবা অন্যখানে গিয়ে ওই জোর গলায় কথা বলছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অন্য আর কোনো উপায় নেই। আরো জোরে বলতে হবে, সোচ্চার হয়ে বলতে হবে এবং আমাদের আব্দুল মান্নান সাহেবের মতো সুস্পষ্টভাবে অত্যন্ত প্রাণঞ্জল ভাষায় মানুষের কথা মানুষের সামনে বলতে হবে।

এখন সময়টা খুব দুঃসময় মন্তব্য করে তিনি বলেন, এই দুঃসময়ে যখন আমাদের সৃজনশীলতা ধবংস হচ্ছে। আমাদের সমস্ত মুক্ত চিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না, যখন আমরা লিখতে পারি না। এক কথায় কবিতা-কাব্য, সুকুমারবৃত্তি, শিল্প এই সব কিছু নির্বাসিত হতে চলেছে। এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই যে ভয়াবহ একটা ফ্যাসিবাদের আগ্রাসন সমগ্র জাতির ওপরে। আমরা আমার প্রায় মনে এটা একটা নষ্ট সময় আমরা অতিক্রম করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সংসদ জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, শিক্ষাবিদ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক ড. মাহমুদ শাহ কোরেশি, নজরুল ইনস্টিটিউটের সাবেক পরিচালক কবি আবদুল হাই সিকদার, গবেষক মাহবুব হাসান, বেঙ্গল ফাউন্ডেশনের আরিফ রহমান ও প্রয়াত লেখক আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা শাহজাহান ওমর, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, তাহসিনা রুশদী লুনা, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।