রাজধানীতে ভোটের দিন মোটরযান বন্ধ

ঢাকা: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ নিশ্চিত করতে রাজধানীতে ২৭ এপ্রিল রাত ১২টা থেকে মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘২৫ এপ্রিল রাত ১২টা থেকে ২৯ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মোটরচালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।’
তিনি বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর থাকবে। ২৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১ মে রাত ১২টা পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।’
আছাদুজ্জামান মিয়া জানান, ঢাকা মহানগরের ১ হাজার ৪২৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে এবং ৫৫৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচন মনিটরিং করার জন্য পুলিশের পক্ষ থেকে একটি প্রধান কন্ট্রোল রুম এবং চারটি সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সেখান থেকে পুরো নির্বাচনকে মনিটরিং করা হবে। পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম নির্বাচনের সময় প্রধান কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে।
ডিএমপি কমিশনার আরো জানান, নির্বাচনের আগের দিন দক্ষিণে ৮টি উত্তরে ৮টি মোট ১৬টি স্থান থেকে ব্যালট সামগ্রী বিতরণ করা হবে। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকবে। বিভিন্ন স্থানের ভিডিও ক্যামেরা দ্বারা তথ্য সংগ্রহ করে তা পর্যালোচনা করা হবে।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ