বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, তিনি সবার : চুন্নু
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের একার নয়, তিনি সবার। বঙ্গবন্ধু সবকিছুর ঊর্ধ্বে।
তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, তিনি ছাড়া কিছুই নেই। আপনারা সবসময় বঙ্গবন্ধুকে দূরে সরিয়ে নিতে চান। তাঁকে দূরে সরিয়ে নেবেন না।
সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে চুন্নু এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি’ প্রবর্তন করায়; এর ওপর সংসদে আনিত প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সোমবার তিনি এ কথা বলেন। এর আগে কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারা অনুযায়ী উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব আনেন।
মুজিবুল হক চুন্নু বলেন, আমাদের প্রার্থীকে স্থানীয় আওয়ামী লীগের এমপি, নেতারা চাপ দেন প্রার্থিতা তুলে নেওয়ার জন্য। এটা যাতে না হয়, জোর জবরদস্তি যাতে না করা হয় এ বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।