মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গাজীপুরে লুট হওয়া কোটি টাকার মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৮ ডাকাত

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

গাজীপুরের পৃথক ঘটনায় লুট হওয়া গার্মেন্টের শার্ট এবং প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাত উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হারুন -অর-রশীদ এসব তথ্য জানান। এছাড়াও তিনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনার সাথে জড়িত কয়েকজনকে সনাক্ত করার কথাও জানান।

তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট এ্যাপারেল লিমিটেডের প্রায় ৩০ লক্ষ টাকার ৮হাজার ৯৮০ পিছ গার্মেন্টের শিপম্যান্টের জন্য তৈরী করা শার্ট কাভার্ডভ্যানযোগে চট্টগ্রাম যাওয়ার পথে লুট হয়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মো: মোজাম্মেল হক (৩৪) এবং তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার মো: কামাল হোসেনকে (৩৮) কে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় লুট হওয়া মালামাল।

এদিকে গত ১ মার্চ টঙ্গী থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগআলীর এ,ই,জি ট্রান্সফরমার কোম্পানি থেকে লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ১৫ টন তামার তার ও পাত উদ্ধার করে এবং ৬ ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- মানিকগঞ্জের সোহরাব হোসেন (৪০),টাঙ্গাইলের আতাউর মিয়া (২৮), বরিশালের কাউসার সরদার (২৩), শরীয়তপুরের মো: কামাল (৩৫), ঢাকার শামীম আকন্দ (৩৫) ও একই জেলার ও মোঃ মজিবুর রহমান।

এ ছাড়া কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত মিন্টু (২৮) ও ইমন (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনার সাথে জড়িত কয়েকজনকে সনাক্ত করেছি এবং আমরা বুঝতে পেরেছি কারা এর সঙ্গে জড়িত ছিল। সেটা আমরা পরবর্তীতে জানাব’।ব্রিফিংয়ে সাংবাদিকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/06-03-2016/মইনুল হোসেন