মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সুনামগঞ্জে বিকল ট্রাকে মাইক্রোর ধাক্কা, ৩ শিশু নিহত

ডেস্ক রিপোর্ট ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডাবর-জগন্নাথপুর সড়কে বিকল ট্রাকে যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের ছেলে খোকন দাস (২), সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯) এবং লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৮)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.আব্দুল মান্নান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওনা হন।

রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ির ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা ১১জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনায় ৩ জনের মরদেহ হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে আর ঘাড়ি দুটিই উদ্ধার করা হয়েছে।