ইউএনওর সিএকে অপহরণ করে মুক্তিপণ আদায়
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ (গোপনীয় সহকারী) তেজেন্দ্র কুমার দেবনাথকে অপহরণ করে ৩ লাখ টাকা আদায় করেছে একটি সংঘবদ্ধ চক্র। মুক্তিপণ আদায় শেষে দুর্বৃত্তরা চোখে মরিচের গুঁড়া দিয়ে তাকে মহাসড়কের পাশে ফেলে চলে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি ভুক্তভোগী তেজেন্দ্র কুমার দেবনাথ নিজে জানিয়েছেন।
ভুক্তভোগী বলেন, আমি সীতাকুণ্ড থেকে ৭টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার জন্যে সাদা রঙের একটি মাইক্রোবাসে উঠি। কিছুদূর যাওয়ার পর মাইক্রোতে যাত্রীবেশী ছয়জন অপহরণকারী আমার গলায় গামছা দিয়ে পেঁচিয়ে ধরে। পরিচয় জানার পর তারা আমার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আমার ওপর নির্যাতন চালিয়ে পরিবারকে ফোন দিতে বাধ্য করে। পরে স্ত্রীকে তিন লাখ টাকা মুক্তিপণ দিতে বলি। টাকা পাওয়ার পর তারা আমাকে রাত ১০টার দিকে ফেনীর লালপেল এলাকায় ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। পরে আমি বিষয়টি সীতাকুণ্ড থানায় জানাই।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, আমাকে তিনি এখনো কিছু জানাননি। তিনি সুস্থ হয়ে আসুক। কথা বলে আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, তেজেন্দ্র বাবু আমাকে ঘটনাটি জানিয়েছেন। তিনি সুস্থ হয়ে আসলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে চট্টগ্রামের অলংকার পর্যন্ত বিভিন্ন স্থানে অপহরণকারী চক্র এভাবে মাইক্রোবাস ও হাইয়েস নিয়ে যাত্রী তুলে পরে তাদের অপহরণ করে মোটা অংকের অর্থ আদায় করে আসছে। এতে বহু মানুষ সর্বস্ব খোয়ালেও চক্রের সদস্যরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে এ ধরনের ঘটনা বাড়ছে।