মসজিদ কমিটি নিয়ে বিরোধে দুই ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ সদর উপজেলায় চরাঞ্চলের সিরতা ইউনিয়নে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে ধরে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শনিবার সকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই মসজিদের কমিটি ও জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এনিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।
শুক্রবার আবারো সালিশ হওয়ার কথা ছিল। ঘটনার সময় সিরতা বাজারে নিজের দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা রফিকুল ও তার ভাই শফিকুলকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান।
রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পথে শফিকুল মারা যায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি।