একদিনের ব্যবধানে মৃত্যু দ্বিগুণ, কমেছে শনাক্ত
দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৩৭০ জন। নতুন মৃত চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি ছয় বিভাগ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।
শনিবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৬ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনে।
এদিকে গত একদিনে ১৫ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ২১৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৪৩ শতাংশ।
এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৩০৪ জন।
উল্লেখ্য, আগের দিন শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৫১২ জনের শরীরে।