মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

সরকারবিরোধী দলগুলো নিয়ে আন্দোলনে যাবে বিএনপি

ডেস্ক রিপোর্ট ৬৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে শিগগিরই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আন্দোলনে নামার আগের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা শেষে দলটির স্থায়ী কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠনে আইন পাস হয়। এর পরদিন বিএনপি ওই সভা করে।

সভা শেষে স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘বৃহত্তর জোট করার সিদ্ধান্ত আমাদের দীর্ঘদিনের। কীভাবে এই জোট হবে তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা নিজ নিজ মতামত দিয়েছেন সভায়। এ নিয়ে আরও আলোচনা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘গত শুক্রবারের সভায় স্থায়ী কমিটির সদস্যরা তাদের মতামত দিয়েছেন। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে রাজপথে যারাই থাকবে, তাদের নিয়েই আমরা বৃহত্তর জোট গঠনের চিন্তা করছি।’

এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা।

এ সময় দলটির নেতাদের মধ্যে ছিলেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফখরুল ইমাম।

এনপিপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সরকার পতনের একদফা আন্দোলন কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।’