মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

শীতার্তরা আরামে ঘুমাচ্ছে এটাই আমাদের নিকট বড় তৃপ্তি

আসাদুজ্জামান স্টালিন ২১৮ বার পঠিত ৩ মিনিটের পাঠ

সেবার বিকল্প নাই। জনগণের জন্য প্রশাসন। সরকার সব সময় জনগণের পাশে আছে। আমাদেরকে সেই অমর বাণীটি মনে রাখতে হবে,‘ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”। এই কনকনে শীতে গ্রামের মানুষজন রাতে যখন ছেড়া বস্ত্রের মাঝে নিজেকে আবদ্ধ করে দু’চোখ এক করার চেষ্টা করে। এতে একটু গরম কাপড়ের অভাবে কারো ঘুম আসলেও অনেকেই বিনিন্দ্র রাত কাটায়। তাদের কথা ভেবে প্রতিবছর সরকার শীতবস্ত্র বা কম্বল প্রেরণ করেন মাঠ পর্যায়ে।

তারই ধারাবাহিকতায় রাতে বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। আমরা নিজের আরামকে উপেক্ষা করি বলেই, কিছু শীতার্ত রাতে আরামে ঘুমাচ্ছেন এটাই আমাদের নিকট বড় তৃপ্তি,শান্তি। কম্বল বিতরণকালে কথাগুলো বলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান।

নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন এতিমখানা ও পাড়ায় কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসন। গভীর রাতে কম্বল নিয়ে হাজির হন পূর্ব খুটামারা দারুস সুন্নাহ জামিয়া গফুরিয়া মুসফেকিয়া মাদ্রাসা ও এতিমখানায়।

সেখানে কর্মরত কেতাব বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন ও সরিফুল ইসলাম জানান, ১৯২৭ সালের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এটি। এখানে তিন’শ জন আবাসিক ও দু’শ জন অনাবাসিক শিক্ষার্থী আছে। এমন কিছু শিক্ষার্থী আছে যার একখানা ছেড়া কাঁথাই সম্বল। তাদেরকে সরেজমিন ইউএনও স্যার কম্বল দিয়ে মোড়ায়ে দিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। শীত নিবারণে এগিয়ে আসায় উপজেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। সেখান হতে ফেরার পথে দেখা মেলে বৃদ্ধা ভাকোবালা ও নয়নী রানীর। বাড়ীর বাইরে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে শরীরে তাপ দিচ্ছেন তারা। গাড়ী দেখে তারা বাড়ীর ভিতরে যেতে থাকলে তাদেরকে ডাক দিয়ে কম্বল গায়ে পড়িয়ে দেন  উএনও মাহাবুব।

এসময় ভাকোবালা ও নয়নী রানী আবেগ আপ্লুত হয়ে বলেই ফেলেন, স্যার, তোমার মাথাটা আগায় দেন তো। তোমার মতো স্যারের এসময়ে খুবই প্রয়োজন। হঠাৎ করি এই ঠান্ডায় কম্বল পামো ভাবি নাই। তোমার মাথায় হাত বুলিয়ে সরকারকে আশীর্বাদ করি। তারা এভাবেই খবর রাখলে হামরা সন্তুষ্ট।

অপরদিকে দক্ষিণ কাজিরহাট বালকা হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক এতিম বালিকাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণকালীণ উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহাবুবুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক আসাদুজ্জামান স্টালিন।