রামগড়ে ছেলের হাতে মা খুন
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ছেলের হাতে মা রুমা বেগম (৪৫) খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে পৌর এলাকার চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ছেলে ইব্রাহীমকে বকাঝকা করে ছেলেকে ঘর থেকে বের করে দেয় মা। গতকাল শনিবার রাতে ছেলে বাড়িতে এসে মায়ের সাথে আবার ঝগড়ায় লিপ্ত হয়। মা টয়লেট থেকে বের হওয়া মাত্রই ধাক্বা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর মাকে উপরে তুলে কয়েক দফা আছাড় মারে। এতে রুমা বেগমের নাক মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাড়িতে আর কেউ না থাকায় মাকে হত্যার পর ইব্রাহীম বেহুঁশ হওয়ার ভান ধরে খাটের উপর শুয়ে থাকে। পরে পুলিশ খবর পেয়ে ঘাতককে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক হত্যার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, মামলার প্রক্রিয়া চলছে।