বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। আজ বুধবার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নেন তিনি। তৃতীয় ডোজ হিসেবে সাবেক এই প্রধানমন্ত্রী ফাইজারের টিকা নিয়েছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেল পৌনে ৫টার দিকে টিকা নিতে হাসপাতালে যান খালেদা জিয়া। গাড়িতে রেখেই তাকে টিকা দেওয়া হয়।
এর আগে বিকেল ৪টা ১৩ মিনিটে টিকার বুস্টার ডোজ নিতে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে্য রওনা হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি। খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে যান তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা ও গৃহকর্মী ফাতেমা বেগম।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াসহ মোট চারজন বুস্টার ডোজ নিয়েছেন। অন্য তিনজন হলেন খালেদা জিয়ার পারিবারিক সহকারী রুপা শিকদার, আব্দুর রহিম ও আব্দুল খালেক।