ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে এসআইয়ের মৃত্যু
ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত পুলিশের উপ-পরিদর্শক তানজিল আল আসাদ (৪৮) গাজীপুরের নুরুল হক প্রধানের ছেলে। আসাদ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত ছিলেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উপ-পরিদর্শক আসাদ ওয়ারেন্টের আসামি ধরতে বিকালে সদর উপজেলার চর নিলক্ষিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে যায়। সেখানে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, চিকিৎসকরা জানিয়েছেন হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে আমরা কোতোয়ালি থানা পুলিশ শোকাহত।