কালিয়াকৈরে নবদম্পত্তির ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জনৈক জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) এবং তার স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাশিপুর গ্রামের মো. রনির মেয়ে সালমা আক্তার আইরিন (১৮)।
পরিবারের সদস্যরা জানান, দুই মাস আগে বিয়ে করেন আকাশ ও আইরিন। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।
জানা গেছে, এক মাস আগে বাসা ভাড়া নিয়ে উপজেলার আহম্মদ চৌরাস্তা এলাকায় থাকতে শুরু করেন আকাশ-আইরিন দম্পতি। আইরিন একটি স্থানীয় কার্টুনের কারখানায় চাকরি করতেন এবং তার স্বামী অটোরিকশা চালাতেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে খাবার শেষে তারা ঘুমাতে যান ওই দম্পতি। শনিবার সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানায় তারা। এরপর মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস নিয়েছে ওই দম্পত্তি। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রী ঝগড়া করে দুজন একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।