ছাত্রীকে ‘বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা’, শিক্ষক আটক
জামালপুরের মেলান্দহে ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং ৫ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগে মো. বিলাস (২০) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার আদ্রা ইউনিয়নের টনকিপাড়া গ্রাম থেকে আটক করা হয় তাকে। আটকের পর রবিবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক বিলাস আদ্রা ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষক।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, মেলান্দহ উপজেলায় ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমে সম্পর্ক গড়ে তোলেন স্কুলশিক্ষক মো. বিলাস। গত এক বছর ধরে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করেন বিলাস। একপর্যায়ে ছাত্রীটি ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
ঘটনাটি এলাকাবাসীর কাছে জানাজানি হলে পুলিশ রাতে স্কুলশিক্ষক মো. বিলাসকে আটক করে।
ওসি জানান, এই ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করেছেন।