মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের সম্মাননা দেবে বাংলাদেশ
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাদের মরণোত্তর সম্মাননা দেবে বাংলাদেশ সরকার। ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য ভারতীয় সেনাবাহিনীর যে জওয়ানরা প্রাণ উৎসর্গ করেছিলেন তাঁদের শ্রদ্ধা জানাতেই বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ভারতের আটটি স্থানে অনুষ্ঠান ও কর্মসূচির উদ্যোগ নেওয়া হবে। সেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাদের পরিবারকে আথির্ক সহায়তাও করা হবে। গতকাল বৃহস্পতিবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দূরে দক্ষিণ ত্রিপুরা জেলার ছোত্তাখোলায় এক অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদান ভোলার নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনা হয়েও যারা নিজেদের জীবন দিয়েছিলেন আজও আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। শ্রদ্ধা জানাই সেই সমস্ত বীর সেনাদের।
তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশ সরকার ভারতের সেই সব বীর যোদ্ধাদের মরণোত্তর সম্মান জানাতে চায়। যে কারণে ভারতের আটটি স্থানে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিমূর্তি ও স্মৃতি স্মারক, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দনপত্র প্রদান করার পাশাপাশি আর্থিক সহায়তা করা হবে।
এদিন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মোজাম্মেল হকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে ছোত্তাখোলায় তৈরি করা মৈত্রী উদ্যান পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ত্রিপুরার বিধায়ক সুধন দাস, বাংলাদেশের বিশিষ্ট লেখক মুনায়ম সরকারসহ বিশিষ্টজনেরা। পার্কটি পরিদর্শন শেষে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ধরে রাখতে এই পার্ক ও মিউজিয়াম তৈরি করার জন্য ত্রিপুরা সরকারের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।