বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল : খালেদা চেয়ারপারসন ও তারেক সিনিয়র ভাইস চেয়ারম্যান
বিএনপির চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করলেন দলটির কাউন্সিলররা। আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কাউন্সিলরদের মতামত নিয়ে দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিল পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই শীর্ষ নেতার নাম ঘোষণা করেন।
অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামী লীগের প্রথম মেয়াদের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল, মানবতাবিরোধী অপরাধী সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের মৃত বিশিষ্ট ব্যক্তিদের জন্য শোক জানানো হয়।
আজ সকালে বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন খালেদা জিয়া। দ্বিতীয় পর্বে দলটির কাউন্সিল অধিবেশন শুরু হয় বিকেল সাড়ে ৪টার দিকে।