মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট ৭১ বার পঠিত ২ মিনিটের পাঠ

রাজধানীর বংশাল থানায় আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে উপ-পরিদর্শক (এসআই) এম রবি হাসানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- এসআই এম রবি হাসান, এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল।

বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বংশাল থানার প্রবেশপথের সামনে আটক করে আনা ছিনতাইকারী সুইচ গিয়ারের আঘাতে তারা আহত হন। পরে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, রাতে গুলিস্তান এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। থানার প্রবেশপথে গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর তল্লাশি করার সময় হঠাৎ এক ছিনতাইকারী সুইচ গিয়ার বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে। এতে পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।