গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ৬ কর্মকর্তাকে লাঠিপেটা
ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা করে পুলিশের ৬ কর্মকর্তাকে লাঠিপেটা করেছেন এলাকাবাসী। আসামি ধরতে গেলে ওই ৬ কর্মকর্তাকে মারধর ও লাঠিপেটা করেন এলাকাবাসী এমনটাই অভিযোগ পুলিশের। আহত পুলিশ কর্মকর্তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) গভীর রাতে এই ঘটনাটি ঘটে।
লাঠিপেটায় আহত পুলিশ কর্মকর্তারা হলেন- এস.আই শফিক, এমদাদ, আওলাদ, এ.এস.আই কামরুল, মোস্তাক ও মিজান। তাদের মধ্যে মোস্তাককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিকালে ৫ টার দিকে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খান পুলিশ কর্মকর্তাদের মারধরের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার খোদাবক্সপুর এলাকার ভাবখালিঘাটে গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে যান হামলায় আহত পুলিশ অফিসাররা। সে সময় একটি দোকানে জুয়া খেলা হচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজন জুয়ারিকে আটক করে। এ সময় কেউ কেউ পালিযে যায়। পরে আটক জুয়ারিরা ব্যাপক হৈচৈ চিৎকার শুরু করেন। এক পর্যায়ে মাইক দিয়ে বিভ্রান্তিকর কথা বার্তা প্রচার করে লোকজন জড়ো করা হয়। এ সময় এলাকার লোকজন সত্য-মিথ্যা যাচাই না করেই লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যেদের ওপর হামলা করেন। তাদের হামলায় ওই ছয় পুলিশ কর্মকর্তা আহত হন।
ওসি আব্দুল হালিম খান আরও জানান, এ ঘটনায় শুক্রবার সকালে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।