সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবীতে সিলেটে কর্মবিরতি স্থগিত করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।
শনিবার বিকেলে সিলেট জেলা শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার দুপুর ১২টা থেকে বিকেলে সাড়ে ৩টা পর্যন্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বৈঠক করে শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে সিলেট বিআরটিএতে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেয়া হয় এবং পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেয়া হয়। বিআরটিএ সিলেট অফিসের সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামীকালের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
এর আগে বিআরটিএর দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।