সিলেটে জেলা প্রশাসক পরিচয়ে চাঁদা দাবি
সিলেটে জেলা প্রশাসক পরিচয়ে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও নেতাদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১ এপ্রিল) এ বিষয়ে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৯৫৪) করেছেন। দিনের বিভিন্ন সময়ে সিলেট সার্কিট হাউসে অবস্থান করা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে ইফতার করানো বাবদ টাকা চাওয়া হয় বলে জানান তিনি।
জিডিতে তিনি উল্লেখ করেন, দুপুর পৌনে ১টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ০১৭৬৮০৯৭৮৭৬ মোবাইল নাম্বার থেকে আব্দুর রহমান রিপনের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল দিয়ে নিজেকে সিলেট জেলা প্রশাসক পরিচয় দেন। এরপর সার্কিট হাউজে একটি ইফতার মাহফিলের আয়োজনের কথা বলেন। এ সময় ব্যবসায়ী পরিষদের কাছ থেকে বড় অংকের চাঁদা দাবি করেন ওই ব্যক্তি। বিষয়টি রিপনের কাছে সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে বিষয়টি অবগত করেন এবং জানতে পারেন- তাকে যে ফোন নাম্বার থেকে কল করা হয়েছে সেটি জেলা প্রশাসকের নয়। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসক মো. মজিবুর রহমান কিছুই জানেন না।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আব্দুর রহমান রিপন পরে কোতোয়ালি থানায় জিডি করেন।
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি রিপন জানান, ‘আমার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক আমাকে জিডির পরামর্শ দেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে এ প্রতারককে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন।’
তিনি বলেন, ‘আমার কাছে যখন ওই ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে; তখন অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এক ঘণ্টার মধ্যে আপনাকে জানাচ্ছি বলা হয়। এতে আমার সঙ্গে খুব অসৌজন্যমূলক আচরণ করে এবং প্রতারকটি আমাকে বলেন- আপনাকে মাত্র ২০-২৫ মিনিট সময় দিচ্ছি। এসময় আমি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে দেখা করবো বললে, ফোনের ওপাশ থেকে বলা হয়- দেখা করার দরকার নেই। বিকাশ (কল দেওয়া) নাম্বারে টাকা পাঠাতে হবে।
সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ। তিনি বলেন, জিডি করার পর আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।