কারাগারে দেওয়া হলো টেলিভিশন
গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় কয়েদিদের হাতে তিনি ওসাকা ব্র্যান্ডের ৩২ ইঞ্চি সাইজের ৯টি টেলিভিশন তুলে দেন।
টেলিভিশন হাতে পাওয়ার পর কয়েদিদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। বন্দিজীবনের রুটিন ধারায় এতদিন তারা নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে চাওয়া-পাওয়ার বাহিরে অন্য কিছু কল্পনায়ও আনতে পারতেন না। অথচ আজ সেখানে তাদের নাগালের মধ্যেই টেলিভিশন! কয়েদি জীবন মানেই কেবল শাস্তি নয়। তারা খবর, নাটক, সিনেমা প্রভৃতি অনুষ্ঠান থেকে জীবন ঘনিষ্ঠ বাস্তব শিক্ষা অর্জনের মধ্যদিয়ে জীবনের গৃহিত পথ পরিবর্তন করার সুযোগ পাবে। এমন সব অনুভূতি ও উপলব্ধি তাদের মনে উঁকি দিচ্ছে।
এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান, ডেপুটি জেলার মো. রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা তার প্রতিক্রিয়ায় বলেন, কারাগার শাস্তির জায়গা নয়। এখানে অপরাধীদের সংশোধনের সুযোগ আছে। যারা এটাকে সংশোধনের ক্ষেত্র হিসেবে মনে করেন, সাজা ভোগের পর বাহিরে বেরিয়ে নতুন জীবন পরিচালনা করা তাদের জন্য সহজ হয়ে যায়।
এজন্য গোপালগঞ্জ কারাগারে সুস্থ বিনোদন উপভোগের পাশাপাশি সংশোধনের সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে টেলিভিশন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে টেলিভিশন প্রদান করা হবে। পরে কারাবন্দীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।