পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু বক্কর সিদ্দীক (১৬), শিশির (১৮), নতুন ইসলাম (১৮)। তারা সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলযোগে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘিতে বেড়াতে যাচ্ছিলেন। পথে মডেলহাট এলাকায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।