মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আসামির দায়ের কোপে পুলিশ কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট ৭৮ বার পঠিত ১ মিনিটের পাঠ

চট্টগ্রামে আসামির দায়ের কোপে পুলিশ কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কনস্টেবলের নাম জনি খান। এ ঘটনায় আরও এক কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ মার্চ লালারখিল গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছিলো। সেই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কবির। সকালে কবিরকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযানে যায় লোহাগাড়া থানা পুলিশের একটি দল। বাড়িতে প্রবেশ করে কবিরকে ধরতে গেলেই কবির কনস্টেবল জনি খানের বাম হাতে ধারালো দা দিয়ে কোপ মারে। এতে জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় শাহাদাত হোসেন নামে আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

তিনি আরও বলেন, জনিকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।