মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের কাতারে থাকবে বাংলাদেশ’

আসাদুজ্জামান স্টালিন ৭৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

আমরা যেন ২০৪১ সালের আগেই উন্নত বিশ্বের কাতারে নাম লেখাতে পারি। এজন্যই সরকার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যারা ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত তাদেরকে ছাগল দেওয়া হচ্ছে। একটা ছাগল থেকে দশটা ছাগল হোক।তারা ধীরে ধীরে এই পেশা থেকে সরে আসুক। এই ধরনের দুর্বল পেশায় তারা যেন যুক্ত না থাকে। এই ধরণের পেশায় থাকলে এলাকারও বদনাম হয়। সোমবার বিকালে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা সমাজ কল্যাণ কমিটির আওতায় ভিক্ষাবৃত্তি নিরসনকল্পে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের মাঝে ব্ল্যাকবেঙ্গল ছাগল বিতরণকালে উপস্থিতিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। আরেফিন আরও বলেন বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। ‘ আমরা আশা করছি জলঢাকার মানুষ সোনার মানুষ আছে। তারা ভবিষ্যতেও সোনার মানুষ হিসাবে থাকবে। দেশের উন্নতির স্বার্থে আমরা সবাই এক থাকবো। উন্নতির স্বার্থে একজন আরেকজনের পাশে দাঁড়াব।

উপজেলা সমাজ কল্যাণ কমিটির অর্থায়নে ৬০ জন ভিক্ষুকের মাঝে ছাগল বিতরণকালীণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবির, উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক,সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল ,থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমূখ।