মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে হামলার শিকার এসিল্যান্ড

ডেস্ক রিপোর্ট ৭২ বার পঠিত ২ মিনিটের পাঠ

সিরাজগঞ্জের শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)লিয়াকত সালমান। পরে তাকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘কায়েমপুর ইউনিয়নের বলদিঘড় গ্রামে খাস খতিয়ানভুক্ত একটি ফসলি জমি আশ্রয়ণ প্রকল্পের জন্য নির্ধারণ করি। বিষয়টি জানার পর এলাকাবাসী ওই জায়গাটি খেলার মাঠ হিসেবে দাবি করে মানববন্ধন করে। পরে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এলাকাবাসীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে খেলার মাঠের জন্য আরেকটি জায়গার বরাদ্দ দেওয়ার কথা হয়। এলাকাবাসী বিষয়টি মেনেও নেয়।’

তিনি আরও বলেন, ‘আজ আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে আমি ও লিয়াকত সালমান সরেজমিন পরিদর্শনে যাই। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করলে লিয়াকত সালমানের মাথা ফেটে যায়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে এসিল্যান্ড আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’