মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

পদত্যাগ করলেন ফখরুল, রিজভী কি করবেন?

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬২ বার পঠিত ৩ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- দলের গঠনতন্ত্রে প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আগামী দু-এক দিনের মধ্যেই অন্যান্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন বিএনপির নব মনোনীত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তা বাস্তবায়ন করতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন মির্জা ফখরুল।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।

ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর ফখরুল বলেন, ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যম এর গঠনতন্ত্রে “এক নেতার এক পদ” চূড়ান্ত করা হয়েছে। গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে দু-এক দিনের মধ্যেই কৃষকদল ও ঠাকুরগাঁও জেলা বিএনপির পদ থেকে পদত্যাগ করবো।

সেই অনুযায়ী মির্জা ফখরুল তার কথা রেখেছেন। আজ শনিবার দুপুরে দলের চেয়ারপারসন বরাবর ওই দুই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি প্রসঙ্গে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তার অনুলিপি দপ্তর, কৃষক দল এবং ঠাঁকুরগাও জেলা বিএনপির কাছে পাঠানো হয়েছে।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলে ইতোমধ্যে ৫ জন নেতা নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুলের পদত্যাগের মধ্য দিয়ে দলে এখন এক পদে রয়েছেন চার নেতা। এখন শুধু বাকি রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। নতুন পদের পাশাপাশি দপ্তরের দায়িত্বেও রয়েছেন তিনি। তবে অন্য সহ-দপ্তর সম্পাদকদের কেন্দ্রীয় অফিসে আগের মতো দেখা যাচ্ছে না।

রুহুল কবির রিজভী ‘এক নেতার এক পদ’ বাস্তবায়নে এখন কী করবেন- সেটিই দেখার। চেয়ারপারসনের বিশেষ ক্ষমতা বলে কি তিনি দুইপদে বহাল থাকবেন, নাকি দপ্তর ছেড়ে দেবেন সেই সিদ্ধান্তের দিকেই এখন দলের নেতাকর্মীরা তাকিয়ে আছে।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এছাড়া তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিও। এর আগে দীর্ঘদিন ‘ভারপ্রাপ্ত’ হিসেবে দায়িত্ব পালনের পর গত বুধবার ষষ্ঠ জাতীয় কাউন্সিলের ১১দিন পর মির্জা ফখরুলকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

একইসঙ্গে বর্তমানে দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। বুধবার বেলা সোয়া ১১টায় রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-04-2016/মইনুল হোসেন