মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ফখরুলকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান পণ্ড করলো পুলিশ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করায় কৃষিবিদ ইন্সটিটিউশনে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ।

আজ শনিবার নির্ধারিত সময় বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রি-ডি সেমিনার হলে এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল আড়াইটার দিকে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

আয়োজক সংগঠনের মহাসচিব হাসান জাফির তুহিন জানান, তারা গত ২৬ মার্চ এই হলটি ভাড়া করেন ২১ হাজার ৮০০ টাকা দিয়ে। আজ দিনব্যাপী তাদের হলটি ভাড়া নেয়া। বিকালে তারা প্রোগ্রাম করতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখানে বিএনপি মহাসচিবের কোনো প্রোগ্রাম করতে দেয়া হবে না। এ ব্যাপারে ‘উপরের নির্দেশ’ আছে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে অ্যাব সভাপতি আনোয়ার নূর নবী মজুমদার বাবলা সাংবাদিকদের বলেন, ‘এখানে অনুষ্ঠান করতে পুলিশের কোনো অনুমতি লাগে না। এখানে প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে। কখনো পুলিশের অনুমতি নিতে হয় না। অতীতেও এই সেমিনার হলে যেকোনো অনুষ্ঠানে পুলিশের হস্তক্ষেপ ছিল না। কিন্তু আজ বিএনপির মহাসচিবকে প্রধান অতিথি করায় পুলিশের অনুমতির কথা উঠে এসেছে।’

তিনি আরো বলেন, ‘এক পর্যায়ে বিষয়টি নিয়ে তেজগাঁও থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে- বিএনপির মহাসচিবকে প্রধান অতিথি করে এখানে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে জানান তিনি।’ দায়িত্বরত পুলিশের এসআই মামুন শাহ এ ব্যাপারে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

অনুষ্ঠানস্থলে বিএনপির মহাসচিব এসে উপস্থিত না হলেও বিকাল তিনটার আগেই নেতাকর্মী এবং সাংবাদিকেরা উপস্থিত হন। অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর পেয়ে সবাই ফিরে যান।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/02-04-2016/মইনুল হোসেন