আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আজ মঙ্গলবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল দলের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ নেতারা শুভেচ্ছা বিনিময় করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আজ ৫০ বছর পরও সেই আশা পূরণ হয়নি। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। আমাদের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন বর্তমান সংসদ বাতিল, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, খালেদা জিয়ার মুক্তি ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য।