সোমবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে বিএনপি
মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দলটি। আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরীতে এই কর্মসূচি পালন করবে বিএনপি।
শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কমসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এর আগে আজ বিকেলে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে পল্টন থানার সামনে হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, রফিক হাওলাদার, নজরুল ইসলাম; নগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন মুন্না, এমদাদুল হক, মাহবুব আলম মন্টুসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মিছিলের পর বিএনপি কার্যালয়ের সামনের সড়কে পল্টন থানা ও শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে।
প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/02-04-2016/মইনুল হোসেন