আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, উদ্ধার করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শওকত আলী, শাহরিয়ার হোসেন, কনস্টেবল সাজ্জাদ আলী ও শাহরিয়ার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পাথার বিলের ইজারাদার মামুনুর রশিদের করা মাছ চুরির মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে যায় পুলিশ। এ সময় স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে বিজিবির সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল সাজ্জাদ আলী (২৫) কে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত আলী এবং এসআই শাহরিয়ার হোসেন দুইজন কনস্টেবলকে নিয়ে বিভীষণ গ্রামে আসামি ধরতে যান। ওই সময় স্থানীয় জেলেরা লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে করে পুলিশ সদস্যরা আহত হন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।