মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

মেঘনায় পুলিশের ওপর জেলেদের হামলা

ডেস্ক রিপোর্ট ৫০ বার পঠিত ২ মিনিটের পাঠ

চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নৌ-পুলিশের ওপর হামলা চালিয়েছেন জেলেরা। এতে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ জেলে আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে লগ্নীমারার চর এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।

আজ সোমবার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশের সঙ্গে কোষ্টগার্ড সদস্যরা যৌথ অভিযানে পদ্মা-মেঘনায় যায়। এ সময় হঠাৎ আমাদের ওপর জেলেরা হামলা চালায়। এতে আমাদের পুলিশ সদস্যরা আহত হন। পরে আমরা ঘটনাস্থল থেকে ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন, চাঁদপুর নৌ থানার উপ-পরির্দক (এসআই) রেদওয়ান, কনস্টেবল আলিম, বখতিয়ার, আলী আকবর ও শরিফুল এবং আহত জেলেরা হলেন, ইমরান সরকার, শাহজালাল, কামরুল, ওয়াজ কুরুনি ও রাজিব। আহতরা চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচএম ফখরুল ইসলামের উপস্থিতিতে নৌ-পুলিশ সদস্যরা রোববার রাতে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই সময় তারা লগ্নীমারার চর এলাকায় আসলে হঠাৎ করেই জেলেরা ইটপাটকেল ছোঁড়া শুরু করে। এতে ঘটনাস্থলেই ৫ পুলিশ সদস্য আহত হয়।

এ দিকে জেলেরা জানায়, ‘আমরা লগ্নীমারার চরে মাছ ধরতে যাই। হঠাৎ করে নৌ-পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা এসে আমাদের মারধর শুরু করে। এতে আমাদের সঙ্গে থাকা ৫ জেলে আহত হয়। আর নৌকায় থাকা আল-আমিন, হানিফ, মাসুদ ও জাহিদ নামে অপর জেলেরা লাফিয়ে পানি পড়ে যায়। এ সময় আমাদের সামনে থাকা অন্য একটি নৌকার জেলেরা পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। কিন্তু পুলিশ তাদেরকে ধরতে না পেরে আমাদেরকে ধরে নিয়ে আসে।’