মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

রংপুরেও খালেদা জিয়ার জন্য মঞ্চে খালি চেয়ার

ডেস্ক রিপোর্ট ৮০ বার পঠিত ২ মিনিটের পাঠ

রংপুরের গণসমাবেশের মঞ্চেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছে। আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও পৌনে ১২টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

রংপুর নগরীর বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সবুজ তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। গণসমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু।

রংপুরে বিএনপির গণসমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ সকাল হতেই নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সমাবেশস্থল ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় রাস্তায় চলে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল।

সমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সরকার গণপরিবহণ বন্ধ করে দিয়ে জনগণের বাঁধ ভাঙা জোয়ার আটকে দিতে পারেনি।’

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সরকার আমাদের স্বাভাবিকভাবে সমাবেশ সফল করতে দিবে না। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিয়েছি। গত রাতেই রংপুর শহর লোকে লোকারণ্য হয়ে গেছে।’