মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি

ডেস্ক রিপোর্ট ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

আগামী ৫ নভেম্বর বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হয়। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেন।

বঙ্গবন্ধু উদ্যানে ৫ নভেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ২৩ অক্টোবর জেলা প্রশাসক বরাবর আবেদন করে বিএনপি। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল মারুফ আবেদনটি গ্রহণ করেন।

গণসমাবেশ সফল করতে বিএনপি নেতারা আজ নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের কাকলি মোড়, সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান বলেন, গণসমাবেশ সফল করতে তাদের প্রস্তুতি পুরোদমে চলছে। প্রতিদিনই নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করছেন। কেন্দ্রীয় নেতারাও প্রস্তুতি সভা করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা চলছে।

বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে গণসমাবেশ করেছে দলটি। আগামী ৫ নভেম্বর বরিশালে গণসমাবেশ করবে দলটি।