মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

‘রিভার্জ চুরি, তনু হত্যা, ভোট ছিনতাই ঘটনা ঢাকতেই খালেদার গ্রেফতারি পরোয়ানা’

মুক্তিযোদ্ধার কন্ঠ ৬৪ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- বাংলাদেশ ব্যাংকের রিভার্জে থাকা টাকা চুরি, শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ও ইউপি নির্বাচনে ভোট ছিনতাই ধামাচাপা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মোশাররফ বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গ্রেফতারি পরোয়ানায় আমরা বিভ্রান্ত হবো না। এদেশের জনগণও খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নিবে না।

তিনি বলেন, সরকার যেমন ভাবে ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের তামাশা করে ক্ষমতায় এসেছে। তেমনি ভাবে ইউপি নির্বাচনও দখল করে নিয়ে যাচ্ছে। ইউপি নির্বাচন দখল করে গ্রামগঞ্জের মানুষ ক্ষেপিয়ে তুলছে তাতে সরকার টিকতে পারবে না।

ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আবদুস সালাম, ফজলুল হক মিলন প্রমুখ।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/04-04-2016/মইনুল হোসেন