সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান ডা. জাফরুল্লাহর
বিরোধীদলগুলোর সঙ্গে সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সংঘাতের দিকে না গিয়ে সংলাপের দিকে যান। সংলাপ ছাড়া এদেশের মানুষের মুক্তি নেই। সংলাপ দেশকে সুশাসনের দিকে নিয়ে যাবে। বিরোধীদলগুলোর সঙ্গে বসুন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘দেশের সুশাসনের জন্য বিরোধীদলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেন। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমরা আপনার ভালো চাই। কিন্তু আপনাকেও নিজের ভালো চাইতে হবে। আপনি নিজের ভালো বুঝতে পারছেন না।’ এ সময় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান জাফরুল্লাহ চৌধুরী।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।