মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

১০ ডিসেম্বর গণপরিবহন চলবে কি না, জানালেন সেতুমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ৭৭ বার পঠিত ২ মিনিটের পাঠ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার মহাসমাবেশে বাধা দেওয়া হবে না। গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

আজ সোমবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ ফেব্রুয়ারি মার্কার নির্বাচন এদেশে আর হতে দেওয়া হবে না। সুষ্ঠু ভোট হবে। পৃথিবীর অন্যান্য দেশের মতোই এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘শেখ হাসিনা রুটিন দায়িত্ব পালন করবেন, আসল দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনেই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপির নেতাদের প্রতি হুঁশিয়ারি ‍উচ্চারণ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো উস্কানি দেবেন না। বিশৃঙ্খলা করলে খবর আছে। এদেশের মানুষকে সঙ্গে নিয়েই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের প্রতিহত করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে ডিসেম্বরে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে হাজার কোটি টাকা পাচারের বিরুদ্ধে।’

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।