মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

তনুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৭০ বার পঠিত ২ মিনিটের পাঠ
সোহাগী জাহান তনুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য চত্বরে শুরু হয়েছে মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণ। আজ শুক্রবার সকালে নারী নির্যাতন প্রতিরোধে গঠিত সংগঠন প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে প্রশিক্ষণ শুরু হয়।
বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই আত্মরক্ষা প্রশিক্ষণের নাম ‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’। প্রথম দিন প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তারের নেতৃত্বে ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন তায়কোয়ান্দো ব্ল্যাক বেল্টধারী জেসমিন আক্তার।
আত্মরক্ষা প্রশিক্ষণের এ আয়োজন সম্পর্কে লাকী আক্তার বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই। তাই আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি।’
প্রশিক্ষক জেসমিন আক্তার বলেন, ‘সবার মধ্যে দ্রুত শেখার আগ্রহ আছে। প্রথম দিনেই তারা অনেক ভালো পারফরম করেছে।’
প্রতি শুক্রবার নিয়মিত এই প্রশিক্ষণ চলবে বলে প্রীতিলতা ব্রিগেড থেকে এটি নিশ্চিত করা হয়। আত্মরক্ষা প্রশিক্ষণে যেকোনো বয়সের নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে। খুব শিগগিরই দেশের অন্যান্য জেলায়ও এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানানো হয়।