কুমিল্লার ডাক্তারের বিরুদ্ধে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহবুবুল আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আক্তার হোসেন অভির বিরুদ্ধে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দৈনিক সংবাদ পত্রিকার নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি ও নাঙ্গলকোট প্রেসক্লাবের (একাংশের) সাংগঠনিক সম্পাদক মো.শাখাওয়াত হোসেন এ অভিযোগ করেছেন।
শাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ১১ টার সময় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.আক্তার হোসেন অভির কাছে প্রয়োজনীয় কয়েকটি কাগজপত্র সত্যায়িত করার জন্য যাই। এ সময় ডা.অভি একটি ঔষধ কম্পানির প্রতিনিধির সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন। আমি নিজের পরিচয় দিয়ে উনাকে কাগজপত্র সত্যায়িত করার জন্য অনুরোধ জানালে তিনি আমাকে বলেন, এখন আমার সময় নাই। আপনি পরে আসেন। সরকার আমাকে চাকরি দিয়েছে আপনাদের কাগজপত্রে সত্যায়িত করার জন্য নয়। আপনি বড় স্যারের কাছে যান।
শাখাওয়াত হোসেন অভিযোগ করে আরও বলেন, আমি ডা.অভির কথা শুনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহবুবুল আলমের কাছে অভিযোগ নিয়ে গেলে তিনি উত্তেজিত হয়ে আমাকে বলেন, তুমি জানো, কার কাছে অভিযোগ নিয়ে এসেছো, ২ দিন পরে আমি সিভিল সার্জন হচ্ছি। আমার হাত অনেক লম্বা। তোমার ধারণা আছে আমার বিষয়ে, ধারণা নিয়ে পরে আসিও। এসব সাংবাদিক-টাংবাদিক আমি বুঝি না। তোমার কাগজপত্র সত্যায়িত হবে না পারলে কিছু করো। এ কথা বলেই আমাকে অফিস থেকে বের করে দেন তিনি।
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহবুবুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের পরিচয় পেয়ে ফোনের লাইন কেটে দেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.আক্তার হোসেন অভি বলেন, এসব ভুয়া-বানোয়াট ও মিথ্যা কথা। আমার সঙ্গে ওই সাংবাদিকের এমন কোনও ঘটনা ঘটেনি।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/08-04-2016/মইনুল হোসেন