মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

ব্যাংক লুটে সরকারের আত্মীয়-স্বজন জড়িত থাকায় একটিরও বিচার হয় না: এরশাদ

মুক্তিযোদ্ধার কন্ঠ ৫৮ বার পঠিত ২ মিনিটের পাঠ

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- দেশে একের পর এক ব্যাংক লুটের ঘটনা ঘটলেও, একটিরও বিচার হয়নি। কারণ এর সঙ্গে সরকারের আত্মীয়-স্বজন জড়িত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, সোনালী, বেসিকসহ কয়েকটি ব্যাংক থেকে ৩০ কোটি টাকা লুট হলো, অথচ কোনো বিচার হলো না। এই টাকা সরকারের নয়, এই টাকা জনগণের টাকা।

বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট প্রসঙ্গে এরশাদ বলেন, হ্যাকিংয়ের কথা বলা হলেও, আসলে হ্যাকিং হয়নি। লুটপাট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ছয় কর্মকর্তার আঙ্গুলের ছাপ ছাড়া এই টাকা উঠানো সম্ভব নয়। এই ছয়জন মানুষ বাংলাদেশের। তাদের পরিচয় আমরা এখনো জানতে পারিনি।

ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলমান নির্বাচন সুষ্ঠু না হওয়ায় কোনো দিক থেকেই গ্রহণযোগ্যতা পাচ্ছে না সরকার। এতে আওয়ামী লীগের দুর্নাম বাড়ছে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীদের এখন স্লোগান আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেবো।

কলেজছাত্রী তনু হত্যার প্রসঙ্গ টেনে জাপা চেয়ারম্যান বলেন, শোনা যাচ্ছে তনুকে ধর্ষণ করা হয়নি। তাহলে মেয়েটিকে হত্যা করা হলো কেন ? তনু হত্যার আসল তদন্ত প্রতিবেদন কোন দিনও পাওয়া যাবে না। তনুর মায়ের কান্নাও কখনো থামবে না। তবে তনুর মায়ের চোখের পানিতে আল্লাহর আরশ কেঁপে উঠবে।

তিনি বলেন, ধর্ষণের কারণেই দেশে বাল্য বিয়ের প্রবণতা বাড়ছে। কোনো নিরাপত্তা নেই, এ কারণে অভিভাবকরা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/09-04-2016/মইনুল হোসেন