মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

গোসলে নেমে স্বামী নিখোঁজ স্ত্রীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ৯১ বার পঠিত ২ মিনিটের পাঠ

পিকনিক করতে গিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। একসঙ্গে তলিয়ে যাওয়া তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মহল্লার বিপরীতে বালুগ্রাম নামক স্থানে পদ্মা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ ব্যাংক কর্মকর্তার নাম সালাহউদ্দিন কাদের রূপন (৩৮)। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার শ্রীমন্তপুর মহল্লার বাসিন্দা। তার স্ত্রীর নাম মানজুরি তানভীর নিশি (৩২)। শুক্রবার সকালে এই দম্পতিসহ শ্রীমন্তপুর মহল্লার ১৫ থেকে ২০ জন নৌকায় চড়ে পদ্মার বালুগ্রাম চরে পিকনিক করতে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী সদর স্টেশনের সাব অফিসার নমির উদ্দিন জানান, পিকনিকে গিয়ে রান্নাবান্নার পর কয়েকজন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এ সময় সালাহউদ্দিন ও মানজুরিসহ তিনজন তলিয়ে যান। তখন সঙ্গে থাকা অন্যরাই মানজুরিসহ দুজনকে উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেওয়ার পথে মানজুরির মৃত্যু হয়। তিনি জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী সদর স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ ব্যাংক কর্মকর্তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।