সিরাজগঞ্জে ২৪ লাখ টাকার হেরোইনসহ আটক ১
সিরাজগঞ্জে ২৪ লাখ টাকার হেরোইনসহ মো. সাইফুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জে অবস্থিত র্যাব-১২ সদর দপ্তর।
আটক সাইফুল রাজশাহীর চরবয়ারমারী আমিনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৯ গ্রাম হেরোইনসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহিদুর রহমান খাঁন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সাইফুল দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে মাদক সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বঙ্গবন্ধু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।’