মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

চাঁদপুরে ডাকাতি করে ফেরার পথে আটক ১৩

ডেস্ক রিপোর্ট ৮৩ বার পঠিত ২ মিনিটের পাঠ

চাঁদপুরের মতলব উত্তরের একলাছপুরে মেঘনা নদী থেকে অস্ত্রসহ ১৩ ডাকাতকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সাব্বির মিজি (২৩), মহিউদ্দিন সরকার (৪১), আল আমিন (২০), মো. ইমরান (২২), ফিরোজ মিজি (২৬), জীবন বেপারি (২০), মো. আনোয়ার হোসেন (২৪), মো. জহিরুল ইসলাম (২৭), মো. আক্তার হোসেন (২২), মো. শাহিন মিয়া (২০), সুজন বেপারি (২৭), কাশেম বেপারি (২৪) ও মো. সালাউদ্দিন (২৮)।

নৌপুলিশ জানিয়েছে, আটকদের থেকে ছয়টি বোমা, ৫৯টি মোবাইল, ২০০ সিসির স্পিডবোটসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকে বিভিন্ন মামলার আসামি।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর বাবুল বালা বলেন, ‘সুরেশ্বরে নদীতে চলাচলকারী বেশকয়েকটি বলগেটে ডাকাতি শেষে স্পিডবোটে করে ওরা ফেরার পথে খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালাই। তখন ডাকাতরা আমাদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে আমরাও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হই। এতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে মোট ২১ জন ডাকাত ছিল। তাদের মধ্যে আমরা ১৩ জনকে আটক করতে পেরেছি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’