নগ্ন ভিডিও ভাইরাল, পদ হারালেন আ. লীগ নেতা
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের কারণে পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শরীফুলের একটি নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ফেসবুকে নিন্দার ঝড় উঠে। প্রায় দুই সপ্তাহ ধরে দলে ও দলের বাইরে এ নিয়ে নেতিবাচক আলোচনা হওয়ায় মহানগর ও দলের কেন্দ্রীয় নেতারা বিব্রতবোধ করেন। এর পরিপ্রেক্ষিতে মহানগর বুধবার রাতে শরীফকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়।