মূল সংবাদে যান
২৪ আগস্ট ২০২৬

শেয়ার করুন

বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট ৬৫ বার পঠিত ২ মিনিটের পাঠ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নতুন কমিটি। আজ শনিবার দুপুর ১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

পরে নবগঠিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে পচাত্তরের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে সুরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

নবগঠিত জাতীয় পরিষদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যসহ তৃণমূলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গাড়িবহর দুপুর ১২টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় প্রবেশ করে। পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়ি হোয়াইট হাউস থেকে নবগঠিত দলের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দুপুর ১টায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী দুপুরে নিজ বাড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এরপর দুপুর ২টায় তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজিত সভায় যোগদান করবেন।

যৌথ সভা শেষে আওয়ামী লীগ নেতারা টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।