নরসিংদীতে ব্যাংকের ভেতর পাওয়া গেল ২ আনসার সদস্যের লাশ
নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ওই ব্যাংক শাখা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতরা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উকিলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে রঞ্জু মিয়া ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে তৌহিদ ফকির। তারা অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। পরে তিনি ব্যাংকের প্রধান গেট খোলা দেখে ও কারও সাড় না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপির দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। তখন নয়ন পুলিশকে সংবাদ দেয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়, এ ঘটনায় ব্যাংকের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংকের মেইন গেট বন্ধ থাকলেও কেচি গেট খোলা ছিল।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহম্মদ আজিজুর রহমান জানান, ব্যাংকের ভিতরে দুই আনসার সদস্যের লাশ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর অন্য কোনো কারণ আছে কি না তা ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে।